বর্তমান পুলিশ জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান পুলিশ জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ১৫ বছরে আগের এবং এখনকার পুলিশের পার্থক্য অনেক। এই পুলিশ জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে গেছে। তারা কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে কুণ্ঠা বোধ করে না। তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ, তারা কর্তব্যে একনিষ্ঠ।
আজ সকালে রাজারবাগে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যুগপূর্তি উপলক্ষে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ তৈরি করা হয়েছে মালিক এবং শ্রমিকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করার জন্য। মালিকদের কারখানা রক্ষা করবেন, সেটা নয়। শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ তৈরি হয়েছে। প্রতি ঈদে কিংবা কোনো অনুষ্ঠানের আগে আমরা শ্রমিক নেতা, বিজিএমইএ-বিকেএমইএ মালিকপক্ষের সঙ্গে বসি যে, আপনারা শ্রমিকদের দেনা-পাওনা শোধ করেছেন কি না। কারণ ঈদের সময় একটা ঝামেলা হয় সেটা আমরা সবাই জানি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ব্যবসায়ী ও শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন।
বাংলা টিভি/ইমন



