তরুণদের মেধা-পরিশ্রমে এগিয়ে যাবে বাংলাদেশ: জয়

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয় বলেছেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তরুণদের মেধা ও পরিশ্রম দিয়ে নিজেদের সমস্যা আমরা নিজেরাই সমাধান করব। এমন আত্মবিশ্বাস ও দেশপ্রেম থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
এ সময় জয় বলেন, করোনা ও যুদ্ধসহ নানা কারণে সারাবিশ্বই অর্থনৈতিকসহ নানা সংকটে আছে। অনেকে ভয়ে থাকলেও তরুণরাই সমস্যা সমাধানের উদাহরণ সৃষ্টি করবে। তরুণদের মেধা ও পরিশ্রম দিয়ে নিজেদের সমস্যা আমরা নিজেরাই সমাধান করব।
ষষ্ঠবারের মতো আয়োজিত হয় ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। সিআরআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত ৮ বছরে ৬ বার দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের হাতে তুলে দেয়া হয় জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।
এ বছর ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের সংগঠন যারা নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধীদের ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়ন, কর্মসংস্থান ও উদ্ভাবন, সৃজনশীলতা ও বিনোদন, জ্ঞান ও সক্ষমতা বিকাশ, অতি দরিদ্র মানুষের ক্ষমতায়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা, সামাজিক-সাংস্কৃতিক উদ্যোগ, দুর্যোগঝুঁকি হ্রাস ও জরুরি সাড়া দিয়েছে, তারা ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেলেন।



