শেখ মনি মেধাবীদের রাজনীতিতে নিয়ে এসেছিলেন: মেয়র তাপস

বঙ্গবন্ধুর নির্দেশে নিউক্লিয়াস গঠন করে শেখ ফজলুল হক মনি মেধাবী ছাত্রদের রাজনীতিতে নিয়ে এসেছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ রোববার (৪ ডিসেম্বর) সকালে বনানী কবরস্থানে ৮৪তম জন্মদিন উপলক্ষে শহীদ শেখ ফজলুল হক মনির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তাপস বলেন, শহীদ শেখ ফজলুল হক মনি বিদ্যালয় জীবন থেকেই বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছেন। বঙ্গবন্ধুর ডাকে তিনি রাজনৈতিক অঙ্গনে পদার্পণ করেন। বাংলাদেশব্যাপী তার ওপর হুলিয়া ছিল। দীর্ঘজীবন তার কারা ভোগ করতে হয়েছে। তারপরও বঙ্গবন্ধুর নির্দেশে নিউক্লিয়াস গঠন করে সারাদেশে তিনি ছাত্রলীগকে সু-সংগঠিত করেছেন। শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং নিউক্লিয়াস গঠন করে মেধাবী ছাত্রদেরকে রাজনীতিতে নিয়ে এসেছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে শেখ মনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন উল্লেখ করে শেখ তাপস বলেন, মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনী গঠন করে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে রণাঙ্গনে নিজেই যুদ্ধে লিপ্ত হয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর নির্দেশে জাতি গঠনে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ গঠন করেছেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ অগাস্টে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন মেয়র তাপস।
এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহমেদ, সবুজবাগ থানা আওয়ামী লীগের সেক্রেটারী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বাংলা টিভি/অজিত



