নারায়ণগঞ্জে জাপানিজ অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানিজ অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর মধ্যে বিনিয়োগের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে বাংলাদেশ। কারণ, আমরা সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দিচ্ছি। এখানে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগকারীদের জন্য ইউটিলিটিজ সার্ভিসসহ সকল ব্যবস্থা আমরা অর্থনৈতিক অঞ্চলে করে দিচ্ছি।
শেখ হাসিনা বলেন, ভৌগলিক অবস্থার কারণে বাংলাদেশ ৩শ’ কোটিরও বেশি মানুষের বাজার হতে পারে। বাংলাদেশের ১৬ কোটি মানুষ তো আছেই। আশা করি, জাপানের উদ্যোগটা অন্যান্যদেরও আগ্রহী করবে। জাপানকে ধন্যবাদ, তাদের সঙ্গে আমাদের অংশীদারত্বে অনেক প্রকল্প আছে। ব্যবসাবান্ধব আরও অনেক প্রকল্প হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলা টিভি/অজিত



