বাংলাদেশ
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

বিএনপির বিভাগীয় মহাসমাবেশ ঘিরে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ করেছে আন্তঃজেলা বাস মালিক সমিতি। ফলে ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচলকারী যাত্রীরা।
এদিকে বাস বন্ধ থাকায় সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য পরিবহন বাড়তি ভাড়া হাঁকাচ্ছেন বলে অভিযোগ করছেন যাত্রীরা।
দেখা গেছে, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শিল্পের শহর নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যেতে জড়ো হন যাত্রীরা। প্রতিদিনের মতো আজও শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, মেট্রোহল বাসস্ট্যান্ড ও চাষাঢ়া বাসস্ট্যান্ডে ভিড় করেন ঢাকামুখী যাত্রীরা। তবে পরিবহন বন্ধ থাকায় যাত্রীরা হতাশ হয়ে পড়েন।
এদিকে গণপরিবহন বন্ধ থাকায় সিএনজি ও মোটরসাইকেলে ঢাকায় নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন যাত্রীরা। এক্ষেত্রে যাত্রীদের স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিনগুণ বাড়তি ভাড়া গুনতে হচ্ছে।
বাংলা টিভি/ হীরা



