ভোর থেকে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ

বিএনপির মহাসমাবেশকে ঘিরে নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন সড়ক এবং অলি-গলিতে সতর্ক অবস্থানে ছিলো আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১০ ডিসেম্বর) ভোর থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেন তারা। এসময় প্রতিটি ওয়ার্ড ও পাড়া মহল্লায় মিছিল করেন আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এছাড়া, পিকআপ এবং মোটরসাইকেল নিয়েও মহড়া দেন তারা। এসময় বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে একের পর এক স্লোগান দেন নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেয়ার পাশাপাশি বিক্ষোভ মিছিলও করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। জনগণের জানমালের সুরক্ষায় এলাকায় এলাকায় পাহারাদার হিসেবে কাজ করছেন বলে জানান নেতাকর্মীরা।

বিএনপি-জামায়াতের দেশব্যাপী অপরাজনীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর নির্দেশে প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সমাবেশে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাস।
চিত্তরঞ্জন দাস বলেন, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষে জড়ানোর পর থেকে আমাদের নেতাকর্মীরা মাঠে সতর্ক অবস্থানে রয়েছেন। বিএনপি সমাবেশের নামে যাতে ঢাকা শহরে সহিংসতা ছড়াতে না পারে, আগুন সন্ত্রাস, হানাহানি করতে না পারে সেজন্য আমরা মাঠে রয়েছি। বিএনপিকে রাজনৈতিভাবে মোকাবিলা করতে মাঠে আছি, থাকবো।
এসময় ৫ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইসমত তাকির বাবু, সবুজবাগ থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম পিয়াস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বাংলা টিভি/অজিত



