ভারতের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে সীমান্ত হত্যা শূন্যের কোটায় আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, সীমান্ত হত্যা কারোরই কাম্য নয়। আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চমৎকার বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক রয়েছে। তারাও চান না সীমান্তে হত্যাকাণ্ড হোক। বিগত বছরের তুলনায় এ বছর সীমান্ত হত্যা অনেক কম হয়েছে। সুসম্পর্কের মাধ্যমে সীমান্ত হত্যা শূন্যের কোটায় আনা হবে।
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাটের চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, করোনাকালীন বন্ধ থাকা দুদেশের জেলা প্রশাসক পর্যায়ের আলোচনা পুনরায় চালু করা হবে। সেখানে এসব বিষয়ও আলোচনা হতে পারে। তবে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ না করতে সীমান্তবাসীর প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।



