বাংলাদেশ

বিএনপির গণঅবস্থানে বিশৃঙ্খলা এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন

রাজধানীতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর গণঅবস্থান কর্মসূচির কারণে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা ও নাশকতা ঠেকাতে তারা মোড়ে মোড়ে অবস্থান করছেন।

বুধবার (১১ জানুয়ারি) সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে এমনটি দেখা গেছে।

রাজধানীর ওয়াশপুরের মাদরাসা মোড়, মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের বিপরীত দিকে, শ্যামলী ওভারব্রিজের পাশে, গাবতলী বাস টার্মিনাল এলাকা, যাত্রাবাড়ী মোড়, ফার্মগেটের তেজগাঁও গার্লস স্কুলের ফুটপাত, উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা মোড়, নতুন বাজার, শাহবাগ, পল্টন মোড় ছাড়াও বিএনপির কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান নিয়েছে পুলিশ।

সম্প্রতি মৌচাকে পুলিশের ওপর হামলার যে ঘটনা ঘটে তারপর থেকে পুলিশ আরো সতর্ক হয়েছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।

এদিকে আজকের গণজমায়েত নিয়ে মঙ্গলবার রাতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজনৈতিক দলগুলোকে বলেছি তারা যেন কর্মসূচি পালন করতে গিয়ে যানবাহন চলাচলে কোনো ধরনের বাধা তৈরি করা যাবে না। এ ব্যাপারে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে তার দায়ভার সেই রাজনৈতিক দলের।

সকাল থেকে নগরীতে কোনো অপ্রীতিকর ঘটনা বা ধরপাকড়ের কোনো খবর পাওয়া যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে ঢাকার রাস্তাগুলোতে ব্যস্ত মানুষের সংখ্যা বাড়ছে। গাড়ির সংখ্যা বেড়েছে। মোড়ে মোড়ে থাকা প্রতি সিগনালে গাড়ির জটও দেখা গেছে।

 

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button