আওয়ামী লীগরাজনীতি

দেশের জনগণই আওয়ামী লীগের ভিত্তি: হাছান মাহমুদ

দেশের জনগণই আওয়ামী লীগের ভিত্তি বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমরা জনগণকে নিয়ে রাজনীতি করি, আমাদের ভিত্তি জনগণ। সাম্প্রতিক সময়ে সারা বাংলাদেশেই আমরা জনসভা বা সমাবেশ করেছি; সেখানে লাখ লাখ মানুষের সমাবেশ ঘটেছে। অর্থাৎ জনগণ আমাদের সঙ্গে রয়েছে। তাই প্রতীয়মান হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে রাজশাহী পৌঁছার পর সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসার পর গত প্রায় ১৪ বছর থেকেই আমরা বিএনপির আন্দোলন দেখে আসছি। তারা কখনও বলে- শীতের পর আন্দোলন হবে, কখনও বলে গ্রীষ্মের পর আন্দোলন হবে, কখনও বলে বার্ষিক পরীক্ষার পর। কিন্তু পরে তাদের আন্দোলন আর মাঠে পানি পায় না। এবারের আন্দোলনও তাদের গত ১৪ বছরের ঘোষণার ধারাবাহিকতা ছাড়া আর কিছুই নয়।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে বিএনপি যে গণ-অবস্থান কর্মসূচি পালন করল, মিছিল করল সেখানে দেখা গেছে মানুষই নেই। ওই যে, দেখবেন হাঁস যখন ডিম পাড়ে, তার আগে অনেক হাঁক-ডাক দেয়। কয়েকদিন আগে বিএনপির সমাবেশ এবং সর্বশেষ যে মিছিল- এগুলো ডিম পাড়া হাঁসের হাঁক-ডাক ছাড়া আর অন্য কিছুই নয়।

পরে তথ্যমন্ত্রী রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আওয়ামী লীগের এক প্রতিনিধি সভায় যোগ দেন। রাজশাহীতে আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ এই প্রতিনিধি সভার আয়োজন করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button