
রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বিরোধী দলকে বাধা দেওয়া হচ্ছে না। রাজনৈতিক দলের কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। যে দল যখনই সমাবেশ করতে চাচ্ছে, আমরা বা ডিএমপি কমিশনার তাদের অনুমতি দিয়ে দিচ্ছেন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজধানীর বাংলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে বাধা দেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা এটুকুই বলি, জনগণের দুর্ভোগ যেন না হয়। রাস্তাঘাট বন্ধ করতে পারবেন না, ভাঙচুর করতে পারবেন না। আপনাদের রাজনৈতিক কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করবেন যাতে জনগণের দুর্ভোগ না হয়। এটাই আমরা বলি, এর বাইরে আমরা তাদের কোনো বাধা দিচ্ছি না। তারা তাদের ইচ্ছামতো প্রোপাগান্ডা করছে। যা সত্যি নয়, তাকে আরো রংচং দিয়ে এমনভাবে প্রচার করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলকেই বাধা দেননি তাদের রাজনৈতিক মতাদর্শ প্রচার করার জন্য, তাদের সমাবেশ করার জন্য।



