উন্নয়ন

নির্বাচনের আগে নতুন রাস্তা নয়: ওবায়দুল কাদের

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সারা দেশের কোথাও নতুন কোনও রাস্তা না করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার (২৫ জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসিদের সঙ্গে মতবিনিময় সভায় এমন নির্দেশনা দেন তিনি। পরে সংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, আমার মন্ত্রণালয়ে সরকারের উন্নয়নমূলক অবকাঠামো পদ্মা, মেট্রোরেল, বঙ্গবন্ধু টার্নেল, শত সেতু শত রাস্তা, ওভার পাস ফ্লাইওভারসহ সব কর্মকাণ্ডে এইগুলো দৃশ্যমান। এগুলো নিয়ে কথা বলে আমি সময় নষ্ট করতে চাইনি। এগুলো সবাই দেখেছে, দৃশ্যমান।

সেতুমন্ত্রী বলেন, আমি ডিসি সাহেবদের গুরুত্ব দিয়ে বলেছি, এখন আর কোনও নতুন রাস্তা করতে চাই না। আগামী নির্বাচনের আগে যে রাস্তাগুলো রয়েছে সেগুলো মেরামত করতে চাই। ব্যবহার যোগ্য করতে চাই। যেগুলো আছে সেগুলো মেরামত করা, সংরক্ষণ করা আমাদের প্রথম ও প্রধান কাজ।

তিনি আরও বলেন, ছোট ছোট যানগুলো যেমন- মোটরসাইকেল ঢাকা শহরে অনেক নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, তা ৯৫ শতাংশ। ঢাকায় চালক ও আরোহী দুই জনই হেলমেট ব্যবহার করছে। কিন্তু মফস্বলে মোটরসাইকেলে কারও মাথায় হেলমেট নাই। এসব বিষয়গুলো দেখার জন্য বলেছি।

সংশ্লিষ্ট খবর

Back to top button