বাংলাদেশসরকার

প্রত্যাখ্যাত তত্ত্বাবধায়ক সরকারের দাবি অযৌক্তিক: শিক্ষামন্ত্রী

প্রত্যাখ্যাত তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, তত্ত্বাবধায়ক ইস্যু সর্বোচ্চ আদালত এবং জনগণ দ্বারাও প্রত্যাখ্যাত হয়েছে। এখন আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা একেবারেই অনৈতিক ও অযৌক্তিক। বিএনপির অতীতের রেকর্ড খারাপ, নিকট অতীতের রেকর্ডও খারাপ। মানুষের কাছে তাদের কোন স্থান নেই। যেহেতু তাদের আর কোন ইস্যু নেই তাই তারা মরিয়া হয়ে যেকোন ইস্যু দাঁড় করানোর চেষ্টা করছে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, যে কোন রাজনৈতিক দলের কর্মসূচি দেওয়ার অধিকার আছে। কিন্তু যেই ইস্যু মৃত, তা নিয়ে রাস্তায় নামতে চেষ্টা করা কতটা সঠিক কাজ এটাও তাদের ভেবে দেখতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা পুরোপুরি মৃত এবং তা বহু দিন ধরেই মৃত। বিএনপিই এই তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত করে নষ্ট করে পচিয়ে ফেলেছে। তারা এই পুরো ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

এ সময় আগামী নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এমন আশাবাদও ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button