রাজনীতিবিএনপি

জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে: মির্জা ফখরুল

ঢাকার নীরব পদযাত্রার মধ্যদিয়ে জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পদযাত্রার মধ্য দিয়ে সরকারকে জানিয়ে দিতে চাই- আর কাল বিলম্ব না করে পদত্যাগ করুন, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, নতুন নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে তার ভোটের অধিকার প্রয়োগ করার ক্ষমতা দিন। অন্যথায় আপনাদের ভারাক্রান্ত হয়ে চলে যেতে হবে। পালাবার পথ খুঁজে পাবেন না।’

শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাড্ডায় সুবাস্তু মার্কেটের সামনের সড়কে পদযাত্রা কর্মসূচির আগে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফার দাবিতে রাজধানীতে চার দিনের পদযাত্রার আজ প্রথম দিনের কর্মসূচিটি দুপুর আড়াইটায় শুরু হয়েছে। মালিবাগের আবুল হোটেল পর্যন্ত গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

ফখরুল আরও বলেন, ‘আমাদের ভোটের অধিকার নেই। সেই ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে আনতে হবে। বেগম খালেদা জিয়া যিনি মানুষের অধিকারের জন্য সারা জীবন কথা বলেছেন এখনও তিনি গৃহবন্দী হয়ে রয়েছেন, তাকে মুক্ত করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যে মামলায় বিদেশে নির্বাসিত হয়ে রয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে যে মিথ্যে মামলা রয়েছে তা প্রত্যাহার করতে হবে, যারা কারা ঘরে রয়েছেন তাদের মুক্ত করতে হবে।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হকের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, মীর সরফত আলী সপু, সাইফুল আলম নীরব, আব্দুল মোনায়েম মুন্না, তাবিথ আউয়াল প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button