
যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে শনিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকাসহ সব বিভাগীয় শহরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় সমাবেশ করবে বিএনপি।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ঢাকার সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই আসতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা। সমাবেশ ঘিরে ইতোমধ্যে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। সমাবেশে সফল করতে ঢাকা বিভাগের বিএনপি নেতা-কর্মীরা নয়াপল্টনে উপস্থিত হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের উপস্থিতিও বৃদ্ধি পেয়েছে।
নয়াপল্টনের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।



