বিএনপি পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে: ওবায়দুল কাদের

বিএনপি পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর বসুরহাটের বঙ্গবন্ধু চত্বরে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
এসময় বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, তারা নির্বাচনকে ভয় পায়। পরাজয় নিশ্চিত জেনে তারা পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে। আন্দোলনে বিএনপি ব্যর্থ। নেতাকর্মী ছাড়া সাধারণ জনগণ তাদের সঙ্গে নেই। সাধারণ জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাধারণ জনগণ রয়েছে। জনগণ যাদের সঙ্গে থাকবে তারাই সফল হবে। আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা জয়লাভ করবো, ইনশাআল্লাহ।
এরপর ওবায়দুল কাদের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়, কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা কর্তৃক বাস্তবায়িত ২৩টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন। এছাড়া নিজের বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত মোশাররফ-ফজিলাতুন্নিছা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের হাতে বৃত্তি তুলে দেন।
এর আগে, সকালে নিজ বাড়িতে বাবা-মায়ের কবর জিয়ারত করেন ওবায়দুল কাদের। এ সময় কোম্পানীগঞ্জ জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



