বিএনপি দেশের রাজনীতির জন্য বিষফোঁড়া: ওবায়দুল কাদের

বিএনপি দেশের রাজনীতির জন্য বিষফোঁড়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ নয়, বারবার শহীদ মিনারকে অপমান ও রক্তাত্ত করেছে বিএনপি।
আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সভায় বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।
বিএনপিকে ‘কাক’ আখ্যা দিয়ে নেতাকর্মীদেরকে সেই কাক চিনতে বলেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, চিনতে হবে। একুশের বেদীতে কাকও নাচে, ময়ূরও নাচে। কাক আছে ময়ূর আছে। কাক কোকিলের তফাৎ বের করতে হবে। এই কাকের কর্কশ কণ্ঠস্বর, কাক চিহ্নিত করতে হবে এবং এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে শেখ হাসিনার নেতৃত্বে, শক্তিতে বলিয়ান হয়ে।
তিনি বলেন, সেই প্রতিরোধ সংগ্রামে আমি মুক্তিযুদ্ধের স্বপক্ষে সবাইকে আহবান জানাচ্ছি, ঐক্যবদ্ধ হয়ে আসুন। আমরা আমাদের স্বাধীনতার, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের একুশের চেতনার শত্রু বিএনপিকে প্রতিরোধ করতে হবে তাদেরকে পরাজিত করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই অপশক্তিকে রুখতে হবে। শপথ নিতে হবে। আজ তৈরি হয়ে যান, এই অপশক্তি, সাম্প্রদায়িকতা, বৃষবিক্ষ যারা এদেশে সৃষ্টি করেছে, এই অপশক্তি এরা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এরা আগুন সন্ত্রাসের পৃষ্ঠপোষক। এদের হাতে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়। এদের হাতে একুশের চেতনা নিরাপদ নয়, এদের হাতে মুক্তিযুদ্ধের মূল্যবোধ নিরাপদ নয়, এদের হাতে স্বাধীনতার আদর্শ কোনদিনও নিরাপদ নয়, এদের হাতে নিরীহ মানুষের জীবন নিরাপদ নয়, এদের হাতে ভদ্র মহিলাদের সম্মান নিরাপদ নয়।
তিনি বলেন, বাংলাদেশেরই অপশক্তি একটা বিষবৃক্ষ, এটা বিষফোড়া। এই বিষফোঁড়াকে বাংলার মাটিতে এদেরকে প্রতিরোধ করতে হবে। এদেরকে পরাজিত করতে হবে। একুশের চেতনা এই অপশক্তির বিরুদ্ধে।
বিএনপির অভিযোগের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, আমরা দলবাজি করি! গতকাল প্রভাত ফেরী করে শহীদ মিনারে গেলাম। একটা মিনিট সময় আমাদের লাগেনি। আমরা ৩ ঘণ্টায় পৌঁছাই। শহীদ মিনারে ফুল দিয়ে দিতে একটা মিনিটও আমরা দাঁড়াইনি।
তিনি বলেন, আমাদের লোকজন, আমাদের নেতাকর্মীরা, কেন্দ্রীয় নেতারা ছিলেন, ঢাকা সিটির নেতাকর্মীরা ছিলেন, সহযোগী সংগঠন ছিল এবং আমাদের অসংখ্য নেতাকর্মী গতকাল প্রভাতফেরিতে যোগ দিয়েছিলেন। কোথায় দলবাজি করলাম? দলবাজিটা করলাম? কিভাবে করলাম?
কাদের বলেন, বিএনপির কি মনে নেই এই শহীদ বেদীতে ক্ষমতায় থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বেদীতে উঠেছিল ফুল দেওয়ার জন্য। শহীদ মিনারকে কারা অপমান করেছে? এই শহীদ মিনারে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এখানে বসে আছেন। খুর দিয়ে ১৪ ইঞ্চি কাটা হয়েছিল। বিশাল গর্ত, রক্তে রক্তে ভিজে গেছে শহীদ মিনার। কারা করেছে? এই মায়া ভাই বেঁচে আছেন কি মরে গেছেন সন্দেহ ছিল। তাকে এমন ভাবে খুর দিয়ে আঘাত করা হয়েছে ১৪ ইঞ্চি কেটে গিয়েছিল। আমাদের মনে আছে। তার বেঁচে থাকার কথা ছিল না। কারা করেছিল? গোলাগুলির মধ্যে যুবলীগকর্মী নিহত শহীদ মিনারে, কারা করেছে?



