
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করার বিষয়ে কোনও আইনি বাধা নেই। তবে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) রোহিঙ্গা শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, উনি (খালেদা জিয়া) নির্বাচন করতে পারবেন না। তার কারণ উনি দণ্ডিত। রাজনীতি করতে পারবেন না, এ রকম কথা তো কোথাও নাই। আইনি হলে তিনি রাজনীতি করতে পারবেন, বাস্তব অবস্থা হলো তিনি তার যে দণ্ডাদেশ সেটা স্থগিত করেছিলেন। কারণ তিনি অসুস্থ। এটা মনে রাখতে হবে। এখন বাস্তব অবস্থাটা কী সেটাও আপনারা জানেন।’
মন্ত্রী বলেন, সবসময় যে রকম আওয়ামী লীগ সরকারের আমলে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সে রকম আগামী নির্বাচনও হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানের এক চুল বাইরেও আমরা যাব না। নির্বাচনে সবাই আসুক এটা আওয়ামী লীগ চায়। কিন্তু কে আসবে কে আসবে না এটা তাদের দলীয় সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন করেন আইনমন্ত্রী।



