বাংলাদেশ

মানবাধিকার সমুন্নত রেখে দেশের নিরাপত্তায় কাজ করছে র‌্যাব: ডিজি

র‌্যাব মানবাধিকার সমুন্নত রেখেই দেশের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। তিনি বলেন, আমাদের কিছু কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্র প্রশ্ন তুলেছিলো। তারা যে সমস্ত বিষয়ে জানতে চেয়েছে, আমরা যথাযথভাবে জবাব এর দিয়েছি। সেসব বিষয় তারা পর্যালোচনা করছে। র‌্যাব মানবাধিকার সমুন্নত রেখেই এ দেশের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

র‌্যাব প্রসঙ্গে ডিজি বলেন, র‌্যাব এলিট ফোর্স। সব বাহিনী থেকে চৌকস, যোগ্য অফিসারদের বেছে র‌্যাব তৈরি করা হয়েছে। মানুষ ও দেশের জন্য কাজ করে র‌্যাব। যারা কাজ করে ভুল তাদের হবেই। কিন্তু আমাদের কথা হচ্ছে, আমাদের দেশের প্রচলিত যে আইন রয়েছে, এর মধ্য থেকেই আমরা কাজ করি। যদি কোনো সদস্য অস্বাভাবিক বা নৈতিকতাবিরোধী কোনো কাজ করে তাকে যথাযথ শাস্তি পেতেই হবে।

তিনি বলেন, দেশের জঙ্গিবাদকে নির্মূল করেছে র‌্যাবই। সর্বশেষ পার্বত্য অঞ্চলে যে অবস্থা হয়েছিলো- সেনাবাহিনীর সহযোগিতায় আমরা সেখানেও তা নির্মূল করতে সক্ষম হয়েছি। এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মাদক ও জঙ্গিবাদ নির্মূল করা। ২০১৬ সালে যখন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠে তখন থেকেই র‌্যাব জোড়ালো ভূমিকা পালন করে।

মাদক নির্মূল প্রসঙ্গে র‌্যাব মহাপরিচালক বলেন, সামনে আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে মাদক। এই মাদক নির্মূল করতে হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে সম্ভব না। সামাজিক আন্দোলনের মাধ্যমে এটা বন্ধ করতে হবে।

এ সময় র‌্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মো. কামরুল হাসান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর আওয়ামী সভাপতি শেখ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ওয়ালিদুর রহমান হীরা, ধানমন্ডি মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলিসহ র‌্যাব সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button