বাংলাদেশসরকার

ধর্মের দোহাই দিয়ে একটি গোষ্ঠী অপরাধ ঘটাচ্ছে: রেলমন্ত্রী

একটি গোষ্ঠী সব সময় ধর্মের দোহাই দিয়ে নানান ফৌজদারি অপরাধ ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, বলেন, ‘একটি গোষ্ঠী সব সময় ধর্মকে ব্যবহার করে আসছে। তারা ধর্মের দোহাই দিয়ে নানান ফৌজদারি অপরাধ ঘটাচ্ছে। পঞ্চগড়ে তৌহিদী জনতার ব্যানারে বিএনপি- জামাত যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা একাত্তরের নৃশংসতাকেও হার মানায়।’

আজ সোমবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে পঞ্চগড় পৌরসভার আহমদনগর ও বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের শালশিরি গ্রামে আহমদিয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, ‘হামলাকারীরা পূর্ব পরিকল্পনা নিয়ে কাজ করেছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। তবে, এত বড় ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

পরে রেলমন্ত্রী মানবিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত ১৭৯টি পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল, একটি করে শাড়ি, লুঙ্গি ও কম্বল বিতরণ করেন। এ সময় ক্ষতিগ্রস্তরা হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ সময় রেলমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মো. আব্দুল আলীম মাহমুদ, এডিশনাল ডিআইজ মো. মিজানুর রহমান, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button