
রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি ছিনতাইয়ের ঘটনায় নতুন করে আরও দুই কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
আজ রোববার (১২ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
গ্রেপ্তাররা হলেন- মো. সানোয়ার হাসান (২৮), মো. ইমন ওরফে মিলন (৩৩), মো. আকাশ মাদবর (২৫), সাগর মাদবর (২২), মো. বদরুল আলম (৩৩), মো. মিজানুর রহমান (২০), মো. সনাই মিয়া(২৮) ও এনামুল হক বাদশা (২৬)।
তিনি বলেন, উত্তরার তুরাগ এলাকায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি ছিনতাইয়ের ঘটনায় আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি। এখনো অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে।
এরপর বিভিন্ন সূত্র ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে শনিবার (১১ মার্চ) রাতে মিরপুর গোয়েন্দা ও উত্তরা গোয়েন্দা বিভাগ পৃথকভাবে ঢাকা, ঢাকার আশপাশ, সিলেটের সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত মোট আট জনকে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দুই কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়।



