বিএনপির ভরসা এবার ‘রাজনৈতিক টোকাই’: তথ্যমন্ত্রী

বিএনপির ভরসা এবার ‘রাজনৈতিক টোকাই’। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
বিএনপি বলেছে তারা আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হবে না। দেশের নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সুতরাং উনারা আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও যাওয়ার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হবে, আশা করি, সেখানে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। আমি আশা করব, আগামী নির্বাচনে বিএনপি যেন ৩০টির বেশি আসন পায়।
হাছান মাহমুদ বলেন, ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০০৮ সালে বিএনপি সর্বশক্তি প্রয়োগ করে নির্বাচন করলেও প্রথমে মাত্র ২৯টি আসন পেয়েছিল। পরে উপ-নির্বাচনে আরও দুটি আসন পায়। ২০১৮ সালের নির্বাচনে তারা বিশাল জোট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এ নির্বাচনে তারা প্লেয়ারও হায়ার করেছিল।
মন্ত্রী বলেন, গতবার ড. কামাল হোসেন সাহেবকে তারা হায়ার করেছিলেন। কামাল হোসেন সাহেব হায়ারে খেলতে গিয়ে ভালো খেলেননি। মাত্র ৭টি আসন বিএনপি পেয়েছিল। এবার দেখা যাচ্ছে তারা অনুবীক্ষণিক দলগুলোর ওপর ভর করেছে। রাজনীতিতে যারা রাজনৈতিক টোকাই, তাদের ওপর ভর করেছে। বিভিন্ন দলীয় মোর্চা গঠন করেছে। সব দল মিলিয়ে ৫২ দল হয়েছে।
তিনি বলেন, এ নির্বাচনে হেভিওয়েট রাজনীতিবিদ ড. কামাল হোসেনকে তারা হায়ার করে, কিন্তু হায়ারে খেলতে গিয়ে তিনি ভালো খেলেননি। এই বিশাল জোট নিয়ে তারা মাত্র সাতটি আসন পেয়েছিল। বিএনপির জনপ্রিয়তা এর থেকেই স্পষ্ট। আমি আশা করব, আগামী নির্বাচনে তারা যেন ৩০টির বেশি আসন পায়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫২টি দলের নাম মুখস্ত বলতে পারলে তাকে ধন্যবাদ জানাবেন বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।



