যুক্তরাষ্ট্রের প্রকাশিত প্রতিবেদন একপেশে এবং পক্ষপাতদুষ্ট: তথ্যমন্ত্রী

২০১৮ সালে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশিত প্রতিবেদন একপেশে এবং পক্ষপাতদুষ্ট সূত্র থেকে নিয়ে প্রকাশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বুধবার (২২ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্স ও বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন,যুক্তরাষ্ট্র বাংলাদেশের কতিপয় মিডিয়া ও এনজিও থেকে প্রাপ্ত তথ্য নিয়ে প্রতিবেদন তৈরি করেছে।এই প্রতিবেদন তাদের নিজস্ব কোনও অনুসন্ধানের ওপর ভিত্তি করে লেখা হয়নি। প্রতিবেদনের পর্যবেক্ষণগুলো যুক্তরাষ্ট্রের জন্য প্রযোজ্য বাংলাদেশের জন্য নয়,তাই এটাকে বাংলাদেশ প্রত্যাখ্যান করছে। এসময় অন্যদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশ্ন তোলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।



