মানুষ যেন দ্রুত ন্যায়বিচার পায়: আইনমন্ত্রী

বিচার বিভাগকে সহযোগিতা করতে সরকারের কোনো কার্পণ্য নেই উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের কাছে একটি চাওয়া থাকবে, তা হলো বিচারপ্রার্থী সাধারণ মানুষ যেন দ্রুত ন্যায়বিচার পান। তারা যেন মামলার দীর্ঘসূত্রতার অবস্থান থেকে পরিত্রাণ পান।
আজ শনিবার (৬ মে) ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জ্যেষ্ঠ সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত রিফ্রেসার কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রশিক্ষণার্থী বিচারকদের জুডিসিয়াল ডিসিপ্লিন মেনে চলার পরামর্শ দিয়ে আইনমন্ত্রী বলেন, জুডিসিয়াল সিদ্ধান্ত মেনে না চললে জুডিসিয়াল অ্যানার্কি তৈরি হতে পারে। এতে করে সমাজ ও দেশের ওপর এর ইমপ্যাক্ট ভয়াবহ হবে। নিশ্চয়ই আমরা এই অ্যানার্কি চাই না।
তিনি আরও বলেন, দেশের দীর্ঘদিনের পুঞ্জিভূত মামলাজট কমানোর দায়িত্ব আমাদের কাঁধে নিতে হবে। এই দায়িত্ব কাঁধে নিয়ে জনগণ যাতে তড়িৎ সুষ্ঠু বিচার পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।



