বিএনপির ঐক্যে জগাখিচুড়ি, আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই: ওবায়দুল কাদের

বিএনপিসহ ৩২ দলের এক দফা আন্দোলনকে জগাখিচুড়ি আন্দোলন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই জগাখিচুড়ি ঐক্যে দফায় দফায় পরিবর্তন হয়। ৩২ দল টিকবে কি-না তার গ্যারান্টি নেই। আগে ছিল ৫৪ দল।
শনিবার (৮ জুলাই) সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
সরকার যেমন আছে তেমনই থাকবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ৩২ দলের এই জগাখিচুড়ির ঐক্যে এক দফার আন্দোলনের পতন অনিবার্য। যে লক্ষ্য নিয়ে এই ঐক্য, তাতে ফল আসবে অসহনীয়। সরকার যেমন আছে তেমনই থাকবে। একটা ঢেউও তো জাগাতে পারেনি। তাদের আন্দোলনে নেতা কে? ক্যাপ্টেন ছাড়া কি জাহাজ চলবে?
মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বাংলাদেশে আগমন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মার্কিন প্রতিনিধি দল আসছে নির্বাচন সম্পর্কিত বিষয় নিয়ে নয়, তারা রোহিঙ্গাদের পরিস্থিতি জানতে আসছে। আর ইইউ প্রতিনিধি দল আসছে নির্বাচনে পর্যবেক্ষক দল কীভাবে পর্যবেক্ষণ করবে তা দেখতে।
এর আগে তিনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিষয়ে বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী সেপ্টেম্বর মাসে চালু করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।



