আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইরানের কার্যক্রম ‘ভ্রু কুঁচকে দিচ্ছে’, বললেন আইএইএ প্রধান

তেহরানের পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্প এবং সেটি দেখতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পর্যাপ্ত সুযোগ না দেওয়ায় দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলে জানান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি৷

তিনি বলেন, পরমাণু বোমা তৈরির জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম পাওয়া থেকে ‘কয়েক মাস নয়, কয়েক সপ্তাহ’ দূরে আছে ইরান৷ ‘‘তবে এর মানে এই নয় যে, ইরানের সেই সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র হয়ে যাবে বা থাকবে,” বলেন তিনি৷

গ্রোসি বলেন, অস্ত্র তৈরির মতো পর্যায়ের কাছাকাছি স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারার সক্ষমতা আশঙ্কার কারণ হলেও কেউ সরাসরি এই সিদ্ধান্তে পৌঁছাতে পারেন না যে, ইরানের এখন একটি পারমাণবিক অস্ত্র রয়েছে৷ কারণ একটি কার্যকরী পরমাণু অস্ত্রের জন্য অন্য অনেককিছুর প্রয়োজন হয় বলে জানান আইএইএ প্রধান৷

ইরানের দাবি, তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য জনগণের কল্যাণ করা৷

গ্রোসি বলেন, ইরানের পরমাণু কর্মসূচির উপর নজর রাখতে যতটা সুযোগ পাওয়ার কথা আইএইএ ততটা পাচ্ছে না৷ সে কারণে দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে আরও সন্দেহ তৈরি হচ্ছে বলে মনে করেন তিনি৷ ‘‘আমি আমার ইরানি প্রতিপক্ষকে সবসময় বলি যে…. এমন কার্যক্রম ভ্রু কুঁচকে দেয়,” বলেন গ্রোসি৷

সবকিছু এক করলে অবশ্যই আপনার মনে অনেক প্রশ্ন জাগবে, বলেন আইএইএ প্রধান৷

ইরান ও ইসরাইলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার সময় পরমাণু প্রকল্পে হামলার যে বিষয়টি আলোচনায় এসেছে তার নিন্দা জানিয়েছেন গ্রোসি৷ তিনি বলেন, পরমাণু প্রকল্পে হামলার কথা ভাবাই যাবে না৷

ইরানের সঙ্গে তার সংস্থার আলোচনার উপর জোর দিয়েছেন গ্রোসি এবং এ বিষয়ে ইরানের সহায়তা কামনা করেছেন৷ ডয়চে ভেলে

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button