বাংলাদেশ

সুনামগঞ্জের তরুণীর প্রেমে চীনা যুবক, বিয়ের খবরে এলাকায় চাঞ্চল্য

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এক তরুণীকে বিয়ে করেছেন চীনের এক যুবক। দুই দেশের নাগরিকের মধ্যে এই বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। বিষয়টি নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন পাইকুরাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম।

জানা গেছে, বিয়ে করা তরুণীর নাম কুশবু বেগম। তিনি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়া ও হেনা আক্তারের মেয়ে। তার স্বামী চীনা নাগরিক জাংলং। তিনি চীনের আনহুই প্রদেশের সুসং কাউন্টির পুলিয়াং টাউনের বাসিন্দা ঝং ইউং গেল ও হি ইউ ইয়িংয়ের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (২২ নভেম্বর) রাজধানী ঢাকায় পারিবারিক আয়োজনে কুশবু বেগম ও জাংলংয়ের বিয়ে সম্পন্ন হয়। পরদিন সোমবার রাতে বিয়ের খবরটি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই বিষয়টি নিয়ে গ্রামজুড়ে শুরু হয় আলোচনা।

স্থানীয়রা জানান, ভিন্ন দেশের এক যুবকের সঙ্গে গ্রামের তরুণীর বিয়ের খবর এলাকায় বেশ কৌতূহল তৈরি করেছে। দুই দেশের নাগরিকের এই নতুন দাম্পত্য সম্পর্ক নিয়ে আগ্রহ প্রকাশ করছেন অনেকে।

এদিকে বিয়ের খবর নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button