বাংলাদেশঅন্যান্যদেশবাংলা

রাসিক মেয়রের সাথে ডিজাব সদস্যদের মতবিনিময়

নগরীর উন্নয়ন ও সৌন্দর্য্যের প্রশংসা সাংবাদিকদের

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে মতবিনিময় করেছেন ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব) এর নেতৃবৃন্দ।

শুক্রবার (৩১ মে) রাতে নগর ভবনে মেয়রের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী মহানগরীর সবুজায়ন, পরিচ্ছন্নতা, আলোকায়ন ও সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেন ঢাকা থেকে আগত সিনিয়র সাংবাদিকেরা।

সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশিত পথে স্বপ্নের সোনার বাংলা গড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সৈনিক হিসেবে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, রাজশাহী মফস্বল শহর ছিল। সেখান থেকে আমরা উত্তোরণ করতে পেরেছি। রাজশাহী এখন একটা জায়গায় পৌছে গেছে। রাজশাহীর সুনাম দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। নিজের শহরের প্রতি ভালোবাসা থাকলে, কাজ করার ইচ্ছে থাকলে একটা শহরকে কোথায় নিয়ে যাওয়া যায়, সেটি আমরা প্রমাণ করতে পেরেছি। নাগরিকদের সহযোগিতা নিয়ে আমরা এই কাজটি করতে পেরেছি। রাজশাহীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

এসময় মেয়র বলেন, দক্ষ জনগোষ্ঠী তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি রাসিক স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট চালু করা হয়েছে। সেখানে প্রথম ব্যাচে প্রশিক্ষণ নিয়ে ইতোমধ্যে ৯০ জন বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছে। এই ইনস্টিটিউট ওয়ার্ড পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। রাসিক মেয়র বলেন, পদ্মা নগরীর ধারে বঙ্গবন্ধু রিভারসিটি গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই মেয়াদে এই কাজের সূচনা করতে চাই। যেখানে একটি সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, অত্যাধুনিক রিসোর্ট, সুইমিং পুলসহ পর্যটন ভিত্তিক নানা সুযোগ সুবিধা থাকবে। এটি রাজশাহীর ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। এছাড়া ভারতের সঙ্গে নৌ রুট চ্যানেল তৈরির মাধ্যমে রাজশাহীতে একটি নদী বন্দর প্রতিষ্ঠার পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি প্রতিষ্ঠা হলে এই অঞ্চলসহ সারাদেশে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যাপকভাবে সুফল পাওয়া যাবে।

সভায় ডিজাব সভাপতি ও দৈনিক সময়ের আলোর বার্তা প্রধান আলমগীর হোসেন বলেন, ‘রাজশাহী এখন এক বদলে যাওয়া নগরী। এই নগরীতে এতে আমি ও আমার সহকর্মীরা মুগ্ধ হয়েছি। এমন সুন্দর ও পরিকল্পিত নগরী গড়ায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি আরও  বলেন, রাজশাহী সৌন্দর্য ও পরিচ্ছন্নতায় এখন দেশের শ্রেষ্ঠ শহরে পরিণত হলেও কর্মসংস্থানের দিক থেকে অনেক পিছিয়ে। নগরীর সৌন্দর্য ঠিক রেখে শিল্পায়ন গড়ার পাশাপাশি কর্মসংস্থানের দিকে বিশেষ নজর দিতে নগরপিতা ও সরকারকে আহ্বান জানান তিনি।

সংগঠনটির সাধারণ সম্পাদক ও দ্য বাংলাদেশ পোস্টের সিনিয়র রিপোর্টার আহম্মদ উল্লাহ বলেন, আমি অনেক দেশের অনেক ঘুরেছি। রাজশাহীতে এসে মনে হচ্ছে বিদেশে কোন উন্নত শহর। রাজশাহী হচ্ছে বাংলাদেশের সিংগাপুর। প্রশস্ত রাস্তা, রাস্তার ধারে ও আইল্যান্ডে গাছ, সব কিছু দেখে মুগ্ধ হয়েছি। ইউনিক একটা শহর রাজশাহী।

সাক্ষাৎকালে রাসিক মেয়রকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন ডিজাবের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক ও দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক ও দেশ টিভির সিনিয়র রিপোর্টার মিরাজ মিজু, দপ্তর সম্পাদক ও আজকালের খবরের সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসেন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দ্য নিউজের সিনিয়র রিপোর্টার কামাল হোসেন তালুকদার, কার্যনিবাহী সদস্য ও বাংলা টিভির অ্যাসাইনমেন্ট এডিটর এম এম বাদশাহ, কার্যনির্বাহী সদস্য ও দ্য বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান রাব্বি, দৈনিক আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি আয়নাল হোসেন, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল আহসান সিপু, ডেইলি নিউ এজের সিনিয়র রিপোর্টার মুক্তাদির রশিদ রোমিও, দৈনিক নতুন সময়ের চিফ রিপোর্টার বিপ্লব বিশ্বাস, সময় টিভির বিশেষ প্রতিনিধি ওমর ফারুক, বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার সৈয়দ আব্দুল মুহিত, নিউজ টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার মাসুদা লাবনী, আর টিভির সহসম্পাদক মনোরমা আকতার, দৈনিক সময়ের বিশেষ প্রতিনিধি মাসুম মিজান ও ডেইলি সানের সিনিয়র রিপোর্টার মুহিব জামান। এসময় ডিজাব টিমের সঙ্গে আইএসপিআর এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান ও রেজা-উল করিম শাম্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, প্যানেল মেয়র-২ ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন এবং ৯ নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button