বাংলাদেশ
এক সপ্তাহের মধ্যে মেট্রোরেল চালুর চেষ্টা চলছে: সড়ক পরিবহন উপদেষ্টা

আগামী এক সপ্তাহের মধ্যে মেট্রোরেল চালু হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজল কবির খান।
রোববার সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন।
কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতাকে ঘিরে গত ১৮ই জুলাই বিকেলে ঢাকায় মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এরপর এক মাস পেরিয়ে গেছে। বদলে গেছে সরকারও।
নতুন সরকারের পক্ষ থেকে ১৭ই অগাস্ট মেট্রোরেল চালু করার কথা বলা হলেও পরবর্তীতে আরও সময় লাগবে বলে জানানো হয়।
“এটার (মেট্রোরেল চালু করতে) দু’টো সমস্যা ছিল। একটা সমস্যা ছিল যে বোর্ডের সদস্য ছিল না। সেটা আমরা আজই করে ফেলেছি।”
“ওই বোর্ডের একটা সভা হবে কাল (সোমবার)। সভার পরে লাইনগুলো চেক করতে দুই-চার দিন লাগবে। আমাদের ম্যানেজিং ডিরেক্টর সাহেব আছেন, তিনি আমাদের সময় দিয়েছেন এটা আগামী সাত দিনের মধ্যে চালু করার চেষ্টা করবেন,” বলেন ফাওজল কবির খান।



