বাংলাদেশ

পাচার হওয়া টাকা ফেরত আনতে সাহায্য করবে ইইউ: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিদেশে যে টাকা পাচার হয়েছে তা দেশে ফেরত আনতে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নাড স্পানিয়ের। বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকের পর আমীর খসরু সাংবাদিকদের এসব কথা জানান।

ঘণ্টাব্যাপী এই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, আগামী নির্বাচন, দেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, বিভিন্ন সোর্স থেকে বলা হচ্ছে বিদেশে ১০০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এসব টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা সাজেস্ট করেছি, সবাই মিলে এটার জন্য কাজ করতে হবে। ইউরোপীয় ইউনিয়ন এ ব্যাপারে সহযোগিতা করতে রাজি আছে।

‘ছাত্র-জনতার আন্দোলনে পটপরিবর্তনের পরে বাংলাদেশে গণতন্ত্র, রাজনীতি ও অর্থনীতি সব কিছু মিলিয়ে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন কীভাবে বাংলাদেশকে সমর্থন দিতে পারে, সহযোগিতা করতে পারে তাদের পক্ষ থেকে, কোথায় কোথায় সমর্থন দিলে আমাদের দেশ যে একটা গর্তের মধ্যে পড়েছে সেখান থেকে তুলে আনা যাবে’– এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

তিনি আরও বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। সুশাসন, বাংলাদেশের সব প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস হয়ে গেছে এগুলোর প্রতিকার কি, কীভাবে এগুলোকে সঠিক জায়গায় আনা যায়। সেখানে তাদের কি সহযোগিতা থাকতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে তাদের কি সহযোগিতা থাকতে পারে বিশেষ করে আমাদের দেশ থেকে ইউরোপে যে রপ্তানি হয় এটা কীভাবে আমরা অব্যাহত রাখতে পারি, সেক্ষেত্রে তাদের কি করা উচিত, আর্থিক খাতে রিফর্ম কি করে করা যায়, দেশ অর্থনৈতিকভাবে কীভাবে আবার ঘুরে দাঁড়াতে পারে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচন ছাড়া তো সুযোগ নেই। স্বাভাবিকভাবে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button