
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ আবেদনটি করেছিলেন।
আদালত আবেদন গ্রহণ করে দুজনের বিদেশ ভ্রমণের ওপর ৬০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে।
পাঁচই অগাস্ট সরকার পতনের পর বিভিন্ন স্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-এমপিদের নামে যেসব হত্যা মামলা করা হচ্ছে তার কোনো কোনোটিতে আসামি হিসেবে হারুন অর রশীদের নামও আছে।
মোহাম্মদ হারুন অর রশীদ সাম্প্রতিক সময়ে নানা ঘটনায় বেশ আলোচিত ছিলেন। বিশেষ করে তার দপ্তরে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক এবং তাদের পরিবারবর্গের সঙ্গে খাবার খাওয়ার ছবি ও ভিডিও প্রকাশের পর উচ্চ আদালত এটিকে ‘মশকরা’ হিসেবে আখ্যায়িত করে।
গত বছর ৩০শে জুলাই বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে দলীয় কর্মসূচি চলাকালে ধোলাইখাল থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়ার পর গয়েশ্বর রায়কে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করার ছবি ও ভিডিও করে গণমাধ্যমে দেয়া হলে সেটি নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয়।
এরপর বিভিন্ন সময়ে অভিনয় জগত থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিদের তার দপ্তরে দুপুরের খাবার খাওয়ান তিনি। পরে সেগুলোর ছবি ও ভিডিও গণমাধ্যমে আসে।



