
নরসিংদীতে লিজন মোল্যা নামে মৎসজীবী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানিয়েছেন শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের বাসাইল এলাকায় তার উপর হামলা হয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মি. মোল্যাকে নরসিংদী সদর হাসপাতালে নেন পথচারীরা। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া হামলাকারীদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে বলেও জানিয়েছে পুলিশ। “এখন পর্যন্ত যতটুকু তথ্য আমরা পেয়েছি, তাতে মনে হচ্ছে ব্যক্তিগত শত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। রাজনৈতিক যোগ আমরা এখনও পায়নি,” বিবিসি বাংলাকে বলেন পুলিশ কর্মকর্তা মি. আহমেদ। নিহত লিজন মোল্যা নরসিংদী জেলা মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য ছিলেন বলে জানা যাচ্ছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



