বাংলাদেশঅপরাধ

বৈদেশিক মুদ্রা আইনের মামলায় রিমান্ড সালমান এফ রহমান ও আনিসুল হকের

বৈদেশিক মুদ্রা আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. রাশিদুল হাসান।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৩ই অগাস্ট সন্ধ্যায় নিউমার্কেট থানার হত্যা মামলায় জড়িত আসামিদের সদরঘাট থেকে আটকের সময় আনিসুল হকের কাছ থেকে ১৭ হাজার ৫৯২ ইউএস ডলার, ৭২৬ সিঙ্গাপুর ডলার উদ্ধার করা হয়েছে।

এছাড়া সালমান এফ রহমানের কাছ থেকে ১২ হাজার ৬২৪ ইউএস ডলার, ৬২০ ফ্রান্সের মুদ্রা, সংযুক্ত আরব আমিরাতের সাড়ে ৮ হাজার মুদ্রা, ১১ হাজার ৬৫০ সোদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ পাউন্ড এবং ১৩৩২ ইউরো এবং বাংলাদেশি ৫০ হাজার টাকা জব্দ করা হয় বলে অভিযোগপত্রে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, আসামিরা জব্দকৃত বৈদেশিক মুদ্রার বিষয়ে বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি।

আসামিরা জ্ঞাতসারে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ও অনুমোদন ব্যতিরেকে ব্যবসায়িক উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা নিজ হেফাজতে ফরেন এক্সচেঞ্জ রেজ্যুলেশন আইনে অপরাধ করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button