আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী করলেন ট্রাম্প

স্বাস্থ্য ও মানবিক সেবা দপ্তর ওষুধ, ভ্যাকসিন, খাদ্য নিরাপত্তা থেকে গবেষণা ও স্বাস্থ্যে সামাজিক নিরাপত্তার বিষয়টি দেখে।

রবার্ট এফ কেনেডি জুনিয়র, যিনি আরএফকে জুনিয়র হিসাবেই বেশি পরিচিত, তাঁকে বৃহস্পতিবার স্বাস্থ্য ও মানবিক সেবা(এইচএইচএস) দপ্তরের মন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নির্দল হিসাবে দাঁড়াতে চেয়েছিলেন আরএফকে জুনিয়র। কিন্তু গত অগাস্টে তিনি সরে দাঁড়ান এবং ট্রাম্পকে সমর্থন করেন। তখনই ঠিক হয়েছিল, ট্রাম্প প্রেসিডেন্ট হলে তার প্রশাসনে থাকবেন আরএফকে জুনিয়র।

আরএফকে জুনিয়রকে এইচএইচএস দপ্তরের মন্ত্রী করার পর ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে বলেছেন, ”অনেকদিন ধরে অ্যামেরিকাকে ধ্বংস করছে ওষুধের কোম্পানি ও ইন্ডাস্ট্রিয়াল ফুড কমপ্লেক্সগুলি। তারা জনস্বাস্থ্য নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। কেনেডি আবার অ্যামেরিকাকে মহান ও স্বাস্থ্যবান করবেন।”

আরএফকে জুনিয়র সম্পর্কে যা জানা গেছে

তিনি অ্যামেরিকার বিখ্যাত কেনেডি পরিবারের সদস্য। পরিবশ-আইনজীবী হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি বেশ কিছু বড় সংস্থার বিরুদ্ধে সফল আইনি লড়াই করেছেন।

গত দুই দশক ধরে তিনি বেশ কিছু ভ্যাকসিনের বিরোধিতা করে এসেছেন। এর মধ্যে কোভিড-১৯ এর ভ্যাকসিন আছে, যে ভ্যাকসিনকে তিনি ভয়ংকর বলে মনে করেন।

আরএফকে জুনিয়র অবশ্য দাবি করেন, তিনি ভ্যাকসিন বিরোধী নন। তিনি কখনো মানুষকে ভ্যাকসিন নিতে মানা করেন না। কিন্তু ভ্যাকসিন নিয়ে নিজের বিরোধিতার কথা জানান। তিনি এটাও বলেছেন, কোনো ভ্যাকসিনই সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর নয়। বাচ্চাদের ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে জাতীয় নীতিনির্দেশিকা না মানার কথাও তিনি বলেছেন।

বিশ্ব স্বাস্থ্যসংস্থা অবশ্য দাবি করে, ভ্যাকসিনের জন্য প্রতিবছর ৫০ লাখ মৃত্যু ঠোকানো যায়।

কেনেডি বলেছেন, তিনি পানীয় জল সরবরাহকারীদের বলবেন, তারা যেন জলে ফ্লোরাইড না মেশান। ফ্লোরাইড দাঁতকে শক্ত করে এবং সুস্বাস্থ্যের ক্ষেত্রে তার উপকারিতা আছে মনে করা হয়।

তিনি আরো এমন অনেক দাবি করেন, যা বিজ্ঞান সমর্থন করে না। যেমন তিনি তিনি প্রশ্ন তুলেছেন এইচআইভি এইডসের কারণ কি না? তিনি এটাও দাবি করেছেন অ্যান্টিডিপ্রেশন পিল খাওয়ার জন্য স্কুলে গুলি চালানোর ঘটনা বাড়ছে। ডয়চে ভেলে

সংশ্লিষ্ট খবর

Back to top button