
বিএনপির তিন তরুণ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় তারুণ্যের অধিকারের সমাবেশ অনুষ্ঠিত হবে নয়াপল্টনে।
সোমবার (২৬ মে) দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে একথা জানান যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
তিনি জানান, মঙ্গলবার সেমিনার হবে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে। সেমিনারে অংশগ্রহণ করবেন তরুণ সমাজের প্রতিনিধিরা। এছাড়া বুধবারের সমাবেশে আরও উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
এসময় স্বেচ্ছাসেবক দল সভাপতি এসএম জিলানী জানান- সমাবেশে ১৫ লাখের অধিক তরুণ অংশগ্রহণ করবে।
তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। কর্মসূচি অনুযায়ী, চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ করছেন তাঁরা। এর আগে চট্টগ্রাম, খুলনা আর বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। সর্বশেষ আয়োজন হচ্ছে রাজধানী ঢাকায়।
হাসান মাহমুদ / বাংলা টিভি



