নাইজেরিয়ায় বন্যায় ৩৬ জনের প্রাণহানি, নিখোঁজ ১০

নিউজ ডেস্ক: নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় শহর মোকওয়ায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) দেশটির জরুরি উদ্ধারকারী সংস্থাগুলো এই তথ্য জানিয়েছে। এই দুর্ঘটনায় আরও ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (৩০ মে) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৮ মে) গভীর রাতে প্রবল বর্ষণের পর সৃষ্ট বন্যায় ৫০টির বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে বা পানির নিচে তলিয়ে গেছে।
নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার মহাপরিচালক আবদুল্লাহি বাবা-আরাহ বলেন, স্রোতের তোড়ে অন্তত ৫০টি বাড়ির বাসিন্দা ভেসে গেছেন। উদ্ধারকারীরা একজন নারী ও তার দুই সন্তানকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান তিনি।
নাইজেরিয়ায় বন্যার প্রবণতা বৃদ্ধির কারণ
মে থেকে নভেম্বর পর্যন্ত নাইজেরিয়ায় বর্ষাকাল চলে। এই সময়টাতে প্রায় প্রতি বছরই দেশটিতে ভয়াবহ বন্যা দেখা যায়। অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা, জলাধার ও খাল-নালায় আবর্জনা ফেলা, জলাধার বা নালা দখল করে গৃহ নির্মাণের কারণে বন্যা পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে।
এর আগে, বুধবার থেকে শুক্রবারের মধ্যে দেশের ৩৬টি রাজ্যের মধ্যে ১৫টিতে ‘আকস্মিক’ বন্যার পূর্বাভাস দিয়ে সতর্ক করে আবহাওয়া সংস্থা, যার মধ্যে নাইজারও ছিল।
জলবায়ু পরিবর্তন ও অতীতের বন্যা পরিস্থিতি
নাইজেরিয়ায় চলতি বছরের বর্ষা মৌসুম সবেমাত্র শুরু হয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে ইতোমধ্যেই চরম ও অস্বাভাবিক আবহাওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর ভারী বর্ষণ ও দুর্বল অবকাঠামোর কারণে সৃষ্ট বন্যায় পশ্চিম আফ্রিকার দেশটিতে শত শত মানুষের প্রাণহানি ঘটে।
হাসান মাহমুদ / বাংলা টিভি



