আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

তেহরানের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলেছে ইসরায়েল

তেহরানের একটি বড় অংশের বাসিন্দাদের এলাকা ছেড়ে “অবিলম্বে” অন্যত্র সরে যেতে বলেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ)।

“আগামী কয়েক ঘন্টার মধ্যে আইডিএফ ওই অঞ্চলে অভিযান চালাবে,” এক্সে এক পোস্ট বলেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই।

“ফলে এই এলাকায় উপস্থিতি আপনার জীবনকে বিপন্ন করতে পারে,” সতর্ক করেছেন তিনি।

পশ্চিম তেহরানে আবারও বড় বিস্ফোরণের শব্দ

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাংশে সোমবার আবারও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।

ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ‘ফার্স নিউজ এজেন্সি’ জানিয়েছে যে, তেহরানের পশ্চিমাংশে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল।

তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলেও ইরানের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে।

ইরানের হাসপাতালে ইসরায়েলের হামলা

ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে ইসরায়েল ‘সরাসরি’ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে তিনি এই দাবি করেন।

বিবিসি ওই হাসপাতালে ক্ষয়-ক্ষতির ভিডিও যাচাই করেছে। তবে হাসপাতালটিকে সরাসরি হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আন্তর্জাতিক আইন বলা হয়েছে, সশস্ত্র সংঘাতকালে হাসপাতালে কোনো হামলা চালানো যাবে না। এই আইনের লঙ্ঘনকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা যায়।

ফারাবি হাসপাতালে হামলার ঘটনা আন্তর্জাতিক আইনের “গুরুতর লঙ্ঘন” এবং “যুদ্ধাপরাধ” বলে উল্লেখ করেছেন ইসমাইল বাঘাই।

ইরানের সঙ্গে ‘সাময়িকভাবে’ সীমান্ত বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান

ইরান-ইসরায়েল পাল্টা-পাল্টি হামলা অব্যাহত থাকায় আপাতত ইরানের সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

সোমবার ইরানের সীমান্তঘেঁষা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কাদির বখশ পিরকানি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ইরানের সঙ্গে তাদের প্রদেশের পাঁচটি সীমান্ত ক্রসিংয়ের সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button