বাংলাদেশঢালিউডবিনোদন

ছেলেকে জড়িয়ে ধরে হাসপাতালে আবেগঘন পরীমণি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে বিহ্বল গোটা দেশ। স্বাধীনতার পরে এমন মর্মান্তিক কোনো বিমান দুর্ঘটনার সাক্ষী হয়নি দেশের মানুষ। এখনও পর্যন্ত ৩১ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক।

মর্মান্তিক এই ঘটনা সারাদেশে শোকের মাতম সৃষ্টি করেছে। অনেকেই কোমলমতি এই শিশুদের এমন মৃত্যুতে ট্রমাটাইজড হয়ে গেছেন, অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরই একজন চিত্রনায়িকা পরীমণি। উত্তরায় বিমান দুর্ঘটনার পরে প্যানিক অ্যাটাকের শিকার তিনি। রাতেই তাকে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে।

সেখান থেকে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয় পরীমণির ফেসবুক পেজ থেকে। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন পরীমণি; হাতে ক্যানোলা ও স্যালাইনের টিউব। বিছানার ওপরেই বসে ছেলে পুণ্য; বসে আছেন পরীর পাশে। একটু পর পর ছেলের গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলেন পরীমণি।

বোঝা গেল, এতটাই ট্রমাটাইজড হয়েছেন নায়িকা, যেন নিজেকে শান্তনা দিতে ছেলেকে কাছে টেনে নিচ্ছেন, জড়িয়ে ধরছেন, শরীরে হাত নেড়ে দিচ্ছেন- বারবার। ভিডিওতে লিখেছেন, ‘সব সময় কি সব ইমোশন কন্ট্রোল করা যায়! যায় না তো।’

সংশ্লিষ্ট খবর

Back to top button