
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। আয়োজক থেকে শুরু করে ভক্ত-সমর্থকদের প্রত্যাশা পূরণ করে শেষপর্যন্ত এল ক্ল্যাসিকোয় হচ্ছে এবারের আসরের ফাইনাল। তবে শিরোপা মঞ্চে উঠে লক্ষ্যপূরণ হয়েছে লস ব্লাঙ্কোসদের, বলছেন রিয়াল কোচ জাবি আলোনসো।
সৌদি আরবের জেদ্দায় হচ্ছে স্প্যানিশ সুপার কাপের নকআউট পর্বের শেষভাগ। প্রথম সেমিতে অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রেখেছে বার্সা। পরের রাতেই দ্বিতীয় সেমিতে অ্যাটলেটিকোকে ২-১তে হারিয়ে বার্সার প্রতিপক্ষ হচ্ছে রিয়াল। আগামী ১১ জানুয়ারি জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে শিরোপা লড়াই।
বল দখল ও আক্রমণে রিয়ালের ওপর আধিপত্য তৈরি করেছিল অ্যাটলেটিকো। ৫১ শতাংশ বলের দখল রাখা অ্যাটলেটিকো ২১টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৬টি। রিয়াল ৮টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৪টি। এমন সব পরিসংখ্যানে রিয়াল পিছিয়ে থাকলেও গোল করার আসল কাজে বাজিমাত করেছে জাবি আলোনসোর দল।
ম্যাচের পর আলোনসো বলেছেন, ‘সেমিফাইনালে শুরুতেই গোল করলে সেটা ধরে রাখার একটা সুবিধা পাওয়া যায়। কিছু সময় আমাদের রক্ষণে থাকতে হয়েছে, কিন্তু লক্ষ্য ছিল ফাইনালে ওঠা। সেটা আমরা পেরেছি।’
এই নিয়ে টানা চতুর্থবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল। গত মৌসুমের ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম শিরোপা জিতেছিল বার্সা। গত ১৫ বছরে রিয়াল ও বার্সা ছাড়া এই ট্রফি জিততে পারেনি আর তৃতীয় কোন দল। এবারও এই শিরোপা থাকছে রিয়াল অথবা বার্সা যেকোনো একজনের ঘরেই।



