শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

আজ শুক্রবার (৩০ জানুয়ারি), নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রংপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সফরের শুরুতেই তিনি পীরগঞ্জের বাবনপুরে জুলাই অভ্যুত্থানের অন্যতম বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।
কবর জিয়ারত শেষে তারেক রহমান শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন এবং তাদের খোঁজ-খবর নেবেন। এরপর তিনি রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
বিএনপির চেয়ারম্যানের এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলা ও মহানগর বিএনপির নেতারা মনে করছেন, নির্বাচনের আগমুহূর্তে তারেক রহমানের এই সশরীরে উপস্থিতি দলের জন্য ‘টনিক’ হিসেবে কাজ করবে।
জনসভাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার থেকেই ঈদগাহ মাঠে জনসভার মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা মাঠ পরিদর্শন করেছেন এবং সফল জনসভার জন্য মাইকিং ও গণসংযোগ অব্যাহত রেখেছেন।
রংপুর-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম এবং মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু জানান, শহীদ আবু সাঈদের কবর জিয়ারত তাদের জন্য অত্যন্ত আবেগঘন একটি বিষয়। তারা প্রত্যাশা করছেন, আজকের এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে এবং তারেক রহমান এখান থেকে দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।



