রাজনীতিজামায়াত

সরকার অতিরিক্ত ‘পলিটিসাইজ’ হয়ে গেছে: জামায়াত আমির

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার অতিমাত্রায় রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে যথাযথ মনোযোগ দিতে পারছে না।

শনিবার (৯ মে) সকালে সাত দিনের জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে হত্যাসহ একাধিক হত্যাকাণ্ডের ঘটনা প্রমাণ করে দেশে জননিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। এসব ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সরকার রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকায় জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচারের বিষয়গুলো উপেক্ষিত হচ্ছে। জামায়াত এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায় বলেও তিনি উল্লেখ করেন।

জাপান সফর প্রসঙ্গে তিনি জানান, দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার সুযোগ রয়েছে এবং প্রবাসীদের সঙ্গে আলোচনায় বিভিন্ন উন্নয়ন ও রাজনৈতিক ইস্যু উঠে এসেছে।

তিনি আরও দাবি করেন, প্রবাসীরা ‘জুলাই সনদ’ ও গণভোট বাস্তবায়নের বিষয়ে মতামত দিয়েছেন এবং এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এছাড়া থাইল্যান্ডে চিকিৎসাধীন আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজন হলে অন্য দেশে পাঠানোর বিষয়েও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ভারতের পশ্চিমবঙ্গ ও সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি সীমান্তে মানবাধিকার লঙ্ঘন না করার আহ্বান জানান এবং পুশ-ইন ইস্যুতে সতর্ক থাকার কথা বলেন।

বিমানবন্দরে পৌঁছালে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button