রাজনীতি

‘যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এখন বাস্তবেও তাই দেখা যাচ্ছে’

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপির সমালোচনা করে বলেছেন, “যে যায় লঙ্কায় সেই হয় রাবণ”—বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই প্রবাদই সত্য প্রমাণিত হচ্ছে। তার দাবি, ক্ষমতায় গিয়ে বিএনপিও প্রতারণার রাজনীতিতে জড়িয়ে পড়েছে এবং জনগণের মতামতকে উপেক্ষা করছে।

শনিবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে সৈয়দপুর পৌঁছে পরে তিনি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, নির্বাচনের আগে যারা গণভোট ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিল, এখন তারাই সেই রায়ের বাস্তবায়ন থেকে সরে এসেছে। তার ভাষায়, এটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

তিনি আরও বলেন, সরকার উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্যমূলক আচরণ করছে এবং রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন এলাকায় উন্নয়ন প্রকল্প দিচ্ছে। একইসঙ্গে গণমাধ্যম নিয়ন্ত্রণ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগও তোলেন তিনি।

উন্নয়ন প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, তারা উন্নয়নের বিরোধিতা করেন না, তবে জাতীয় স্বার্থের পরিবর্তে দলীয় বা আঞ্চলিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত নয়।

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবিও জানান তিনি। তার মতে, উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় তার সঙ্গে জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button