ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে জামায়াত: রাশেদ খান

বাংলা টিভি ডেস্ক: বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান বলেছেন, জামায়াতে ইসলামীর রাজনীতি ও প্রকৃত ইসলামের মধ্যে পার্থক্য রয়েছে। তিনি অভিযোগ করেন, ধর্মের নাম ব্যবহার করে দলটি চাঁদাবাজি ও রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খান দাবি করেন, ক্ষমতার রাজনীতিতে টিকে থাকতে জামায়াত ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করছে। তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে দলটি বিভিন্ন বিষয়ে আপস করতে প্রস্তুত বলেই তার মনে হয়। একই সঙ্গে ধর্মীয় মূল্যবোধ ব্যবহারের ধরন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, বাহ্যিক ধর্মীয় পোশাক বা পরিচয়ের আড়ালে মিথ্যাচার ও অনৈতিক কর্মকাণ্ড করা হচ্ছে বলে তার অভিযোগ। কওমি অঙ্গনের অনেক আলেম ও শিক্ষার্থীরা কেন জামায়াত-শিবিরের সমালোচনা করেন, সেটিও এখন তিনি উপলব্ধি করতে পারছেন বলে উল্লেখ করেন।
গণঅধিকার পরিষদ থেকে বিএনপিতে যোগ দেওয়া এই নেতা বলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে জোট না করায় তিনি তাদের ধন্যবাদ জানান।
এছাড়া বিএনপিকে নিয়ে জামায়াত আমিরের সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, একটি দলের সব নেতাকর্মীকে একসঙ্গে চাঁদাবাজ আখ্যা দেওয়া দায়িত্বশীল বক্তব্য নয়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জামায়াত ইসলামের নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ ও রাজনৈতিক ফায়দা লুটছে।



