‘আইনশৃঙ্খলার এই ধারা অব্যাহত থাকলে সরকার নাই হয়ে যাবে’

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি দাবি করেন, এ পরিস্থিতি চলতে থাকলে সরকারের প্রতি জনগণের আস্থা আরও কমে যাবে।
রোববার দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পক্ষে কথা বললেও নিজ মন্ত্রণালয়ের পরিস্থিতি নিয়ে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, মেঘনা উপজেলায় গত তিন মাসে চারটি হত্যাকাণ্ড ঘটেছে এবং এসব ঘটনায় স্বজনরা বিচার দাবি করলেও মানুষ ন্যায়বিচার নিয়ে অনিশ্চয়তায় ভুগছে।
তিনি আরও বলেন, সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সেই সংকট আরও গভীর হতে পারে।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মেঘনা উপজেলা সভাপতি ও প্রধান সমন্বয়ক এম কে রশিদের সভাপতিত্বে দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় ১০০ নেতাকর্মী ফুল দিয়ে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন।



