শিবির আবারও গুপ্ত-মুনাফেকি রাজনীতি শুরু করেছে: নাছির

বাংলা টিভি ডেস্ক: কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় ছাত্রশিবির আবারও ‘পুরোনো গুপ্ত ও প্রতারণামূলক রাজনীতি’ শুরু করেছে।
রোববার (১৭ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি উপাচার্য পরিবর্তন এনে সরকার যে প্রশাসনিক সংস্কার করেছে, তা শিক্ষা ব্যবস্থার জন্য ইতিবাচক হলেও ছাত্রশিবির এর বিরোধিতা করছে। তার দাবি, যেসব উপাচার্যকে সরানো হয়েছে তাদের অনেকেই পূর্ববর্তী সময়ের নিয়োগপ্রাপ্ত এবং জামায়াতপন্থি মতাদর্শের সঙ্গে যুক্ত ছিলেন।
নাছির উদ্দীন নাছির অভিযোগ করেন, অতীতে জামায়াতপন্থি প্রশাসনের প্রভাব ব্যবহার করে ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়গুলোতে ‘গোপন রাজনীতি, ভয়ভীতি, নিয়োগ বাণিজ্য ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছিল। এখন সেই নিয়ন্ত্রণ হারানোর কারণে তারা আবারও বিভ্রান্তি ও অপপ্রচারে নেমেছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, নবনিযুক্ত উপাচার্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং কিছু ক্ষেত্রে দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বলে তিনি মন্তব্য করেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য নিয়োগ নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গেও তিনি কথা বলেন। তার মতে, এসব ক্ষেত্রে অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হলেও তাদের নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
ডুয়েটে উপাচার্যের যোগদান ঘিরে সাম্প্রতিক উত্তেজনার ঘটনায় তিনি ছাত্রশিবিরকে দায়ী করে বলেন, তারা সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে।
শেষে তিনি বলেন, শিক্ষাঙ্গনে কোনো ধরনের গোপন এজেন্ডাভিত্তিক রাজনীতি বরদাশত করা হবে না এবং ছাত্রদল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান অব্যাহত রাখবে।



