‘সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত’

বাংলা টিভি ডেস্ক: সীমান্তে হত্যা বন্ধে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।
তিনি অভিযোগ করেন, সীমান্ত হত্যা বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এ সময় তিনি বলেন, সীমান্ত হত্যা ঠেকাতে না পারলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ভারতের বাহিনীর হাতে বাংলাদেশি নাগরিকদের মৃত্যু ঘটছে এবং সীমান্ত এলাকায় অনিয়ম ও সহিংসতা বাড়ছে বলে তার দাবি।
তিনি সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, বিজিবিকে আরও শক্তিশালী করতে হবে এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করা জরুরি।
এনসিপি নেতা সীমান্তে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান। একই সঙ্গে সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।



