১০ টাকা চাঁদার জন্য অটোরিকশাচালককে হত্যা

বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয় ১০ টাকা চাঁদা না দেওয়ায় লাইনম্যানের হামলায় মো. মমিন নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও স্বজনরা।
নিহত মো. মমিন উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।
নিহতের স্বজনরা জানান, রোববার (১৭ মে) বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে লাইনম্যান শাহিন অটোরিকশাচালক মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা নেওয়ার কিছুক্ষণ পর আবারও চাঁদা দাবি করেন। এ সময় অটোচালক তাকে পুনরায় চাঁদা না দেওয়ার বাগ্বিতণ্ডার একপর্যায়ে শাহিনের হাতে থাকা লাঠি দিয়ে মমিনের মাথায় এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (২০ মে) সকালে মমিন মারা যান। ঘটনার পর থেকেই শাহিন পলাতক রয়েছেন।
এদিকে বুধবার সকালে মমিনের মৃত্যুর খবর পেয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিচার দাবি করে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে সোনারগাঁ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আসামিকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।



