
বাংলা টিভি ডেস্ক: সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেছেন, তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান যেখানে সব নাগরিক সমান অধিকার ভোগ করবে এবং সরকারি সুযোগ-সুবিধা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। রাষ্ট্রের সম্পদ জনগণের কল্যাণে সমানভাবে বণ্টনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বুধবার (২০ মে) বিকেলে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. মিতু বলেন, দেশে বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠা করতে হলে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন জরুরি। সরকারি উন্নয়ন ও বরাদ্দ যেন দলীয় পরিচয় বিবেচনা করে নয়, বরং সবার জন্য সমানভাবে নিশ্চিত করা হয়—সেটিই তার প্রত্যাশা।
তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে দেশে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ছিল সীমিত এবং বিরোধী মতের মানুষ নানা দমন-পীড়নের শিকার হয়েছেন। অতীতের বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক কাঠামোয় পরিবর্তন আনা প্রয়োজন।
কাঁঠালিয়া অঞ্চলের দীর্ঘদিনের অবহেলার কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকার মানুষ সড়ক, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তিনি এমন একটি পরিবেশ গড়ে তুলতে চান, যেখানে রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হবে না।
সরকারি অর্থ জনগণের সম্পদ উল্লেখ করে তিনি বলেন, অতীতে বিভিন্ন উন্নয়ন বরাদ্দের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন ছিল। ভবিষ্যতে যেন স্বচ্ছতার সঙ্গে সবার মধ্যে সমানভাবে উন্নয়ন সুবিধা পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। কে কোন প্রতীকে ভোট দিয়েছে, তা বিবেচনা না করে সবার জন্য সমান সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
ডা. মিতু বলেন, তিনি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি হিসেবে নয়, বরং কাঁঠালিয়ার মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান। একই সঙ্গে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, কাঁঠালিয়ার ভাঙা রাস্তা, অবকাঠামোগত সমস্যা ও সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। পাশাপাশি ইনসাফভিত্তিক সমাজ গঠনের কথাও উল্লেখ করেন, যেখানে মানুষ তার ন্যায্য অধিকার পাবে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলার পরিবেশ নিশ্চিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মো. আমির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন মাইনুল ইসলাম মান্না, মাস্টার মো. মজিবুর রহমান, মো. খাইরুল আলম খোকন এবং বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা।



