ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর

বাংলা টিভি ডেস্ক: ঈদুল আজহাকে সামনে রেখে উত্তরবঙ্গগামী মানুষের জন্য স্বস্তির খবর এসেছে। দীর্ঘদিনের যানজট ও দুর্ভোগ কমাতে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ-এর নির্মাণাধীন বগুড়া-রংপুরগামী ফ্লাইওভার লেন খুলে দেওয়া হয়েছে।
রোববার (২৪ মে) সকাল থেকে নতুন এই লেন দিয়ে যান চলাচল শুরু হয়। সংশ্লিষ্টদের আশা, এতে এবারের ঈদযাত্রা আগের তুলনায় অনেক বেশি স্বস্তিদায়ক হবে।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত হাটিকুমরুল মোড় দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এখান থেকেই ঢাকা, পাবনা, রাজশাহী, বগুড়া ও রংপুরমুখী যানবাহন বিভিন্ন দিকে বিভক্ত হয়। ঈদের সময় যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় প্রতিবছরই সেখানে দীর্ঘ যানজট সৃষ্টি হতো।
নতুন লেন চালুর পর চালক ও যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, এতে সময় কম লাগবে এবং দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকার দুর্ভোগ কমবে।
ইসমাইল হোসেন জানান, ঈদ উপলক্ষে যাত্রীবাহী ও পশুবাহী যানবাহনের চাপ বাড়বে। নতুন লেন সেই চাপ সামাল দিতে কার্যকর ভূমিকা রাখবে।
এদিকে সরফরাজ হোসাইন বলেন, উত্তরবঙ্গগামী প্রায় ৬০ শতাংশ যানবাহন এই লেন ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। প্রায় ৭৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ প্রকল্পটির কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ সদস্যও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মো. সাইফুল ইসলাম সানতু।



