ইন্ডিয়াআন্তর্জাতিক

৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ছত্তিশগড়ের প্রত্যন্ত মাইনপাট অঞ্চলে হৃদয়বিদারক এক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেখানে এক নারী তার ৯০ বছর বয়সী শাশুড়িকে পিঠে বহন করে প্রায় ৯ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দিয়ে ব্যাংকে নিয়ে গেছেন শুধুমাত্র পেনশনের টাকা তোলার জন্য।

স্থানীয় সূত্র জানায়, সুখমানিয়া বাই নামের ওই নারী বনপথ, পাথুরে রাস্তা ও নদী পার হয়ে বৃদ্ধ শাশুড়িকে নিয়ে ব্যাংকে পৌঁছান। কারণ নিয়ম অনুযায়ী পেনশনের টাকা তুলতে উপকারভোগীকে সশরীরে উপস্থিত হয়ে আঙুলের ছাপ বা পরিচয় যাচাই করতে হয়।

ভিডিওতে দেখা যায়, ওই নারী জানান যে এলাকায় কোনো যানবাহনের ব্যবস্থা নেই। ফলে কয়েক মাস ধরেই তাকে একইভাবে শাশুড়িকে বহন করে দীর্ঘ পথ অতিক্রম করতে হচ্ছে। পরিবারটি পেনশন বাবদ প্রায় ১ হাজার ৫০০ টাকা পেয়ে থাকে, যা অনেক সময় কয়েক মাসের বকেয়াসহ একসঙ্গে দেওয়া হয়।

তিনি আরও জানান, আগে স্থানীয় পর্যায়েই পেনশনের টাকা পাওয়া যেত। কিন্তু বর্তমানে সেই ব্যবস্থা কার্যকর না থাকায় প্রত্যন্ত এলাকার মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, “ডিজিটাল ইন্ডিয়া” ও ঘরে ঘরে সরকারি সেবা পৌঁছে দেওয়ার দাবির পরও কেন প্রবীণ ও অসুস্থ মানুষকে এখনও এমন কষ্ট করে সরকারি সুবিধা নিতে হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button