ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

বাংলা টিভি ডেস্ক: অতিরিক্ত যানবাহনের চাপ, টানা বৃষ্টি এবং যমুনা সেতু সংযোগ সড়কে কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার গভীর রাত থেকে সেতুর টোল প্লাজা এলাকা থেকে সদর উপজেলার রাবনা পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার সড়কে থেমে থেমে যান চলাচল করছে।
এই যানজটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম ভোগান্তি পোহাচ্ছেন।
গাজীপুরের মৌচাক থেকে পাবনাগামী যাত্রী মোতালেব মিয়া জানান, বাস না পেয়ে বাধ্য হয়ে ট্রাকে উঠেছেন। সাধারণত দেড় ঘণ্টার পথ পাড়ি দিতে এবার সময় লেগেছে সাড়ে তিন ঘণ্টারও বেশি। এরপরও মহাসড়কের পৌলি এলাকায় এসে যানজটে আটকে থাকতে হয়েছে।
আরেক যাত্রী নিলুফা বেগম বলেন, টাঙ্গাইলের ঘারিন্দা এলাকা পার হওয়ার পর থেকেই যানবাহন থেমে থেমে চলছে। কিছু দূর এগিয়ে আবার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যা যাত্রীদের জন্য খুবই কষ্টকর হয়ে উঠেছে।
যুবক মনোয়ার মিয়া জানান, বাসগুলোতে কোনো আসন খালি নেই, এমনকি দাঁড়ানোর জায়গাও পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রাকে যাত্রা করছেন।
যমুনা সেতু সাইট অফিস-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রাতে বৃষ্টি ও যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে দিনের বেলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।



